ঢালিউডে অভিষেকেই দর্শকদের প্রশংসায় ভাসছেন তানজিয়া জামান মিথিলা। ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন তিনি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও ভালোবাসায় অভিভূত এই অভিনেত্রী।
নিজের প্রথম এন্ট্রি দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’
তিনি আরও বলেন, একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন অভিজ্ঞতা তার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহ তাকে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগায়।
পোস্টের শেষাংশে মিথিলা লেখেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে মিথিলার পাশাপাশি অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, পান্থ কানাই ও সুনিধি নায়েক। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।