২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট এটি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার নিট বাজেট ঘাটতি রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজেটে সাধারণ করদাতাদের স্বস্তি দিতে পাঁচ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশীয় শিল্পের সুরক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে কর কাঠামোয় বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়ে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরানো এবং দেশীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য তুলে ধরা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী হিসেবে এটিই আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।