নিজস্ব প্রতিবেদক: ভোলায় সরকারের ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার (১৩ মে ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত ১২ মে মঙ্গলবার রাত ১০টায় ভোলা সদর থানার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।