স্ত্রীর করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।
বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত আপসের শর্তে ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
গত ৮ মার্চ আদালতে রাহীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। আদালত আসামিকে ১৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। তবে ওইদিন আদালতে হাজির হননি রাহী। পরে বাদীপক্ষ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত পরোয়ানা জারি করেন।
বুধবার সকালে ডেমরা থানা এলাকা থেকে রাহীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লালবাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।
রাহীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইশতিয়াক শাহরিয়ার। তিনি আদালতে বলেন, প্রেমের সম্পর্কের পর ৩০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে পুস্পিতা বাসা ছেড়ে চলে যান এবং পরে মামলা করেন। বর্তমানে উভয়পক্ষ সংসার করতে চান। এ কারণে আপসের শর্তে আগামী ৯ জুন পর্যন্ত জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে রাহী ও পুস্পিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য পুস্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ৫০ লাখ টাকা যৌতুক দাবিতে পুস্পিতাকে নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এছাড়া গত ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে ডেকে রাহী আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে বিবাহ বিচ্ছেদের হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।