২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আবারও নিজের জাদুকরী ফুটবল উপহার দিলেন লিওনেল মেসি। ম্যাচের ১৭ মিনিটেই গোলের খাতা খুলে পরে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। তার দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মেসির এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কোটি ফুটবলপ্রেমীর মতো দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক মেসির প্রশংসা করতে দ্বিধা করেননি তিনি। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিস্ময় প্রকাশ করে বুবলী প্রশ্ন রাখেন, “মেসি এত ভালো খেলে কেন?”
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তিনি লেখেন, “এই লোকটা এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর। হ্যাটট্রিক।”
ব্রাজিল সমর্থক হয়েও মেসির প্রতি বুবলীর এমন অকপট মুগ্ধতা ও প্রশংসা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন, যেখানে দলগত সমর্থনের ঊর্ধ্বে উঠে প্রতিভার স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে মেসি আবারও প্রমাণ করেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। আর সেই পারফরম্যান্সেই মুগ্ধ হয়ে বুবলীর মতো ব্রাজিল সমর্থকরাও প্রশ্ন তুলছেন— “মেসি এত ভালো খেলে কেন?”