সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় পে-স্কেল সংক্রান্ত সরকারের পরিকল্পনা তুলে ধরে এ ঘোষণা দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে এটি আংশিকভাবে বাস্তবায়ন করা হবে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য সরকার একটি সচিব কমিটি গঠন করেছে। তবে কমিটি এখনও তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার পর্যালোচনা করে সচিব কমিটি কিছু সংশোধনী সুপারিশ করতে পারে। বিশেষ করে বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
নতুন পে-স্কেলের বিস্তারিত কাঠামো এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে সরকারের পক্ষ থেকে শিগগিরই আরও তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।