বেনাপোল সীমান্ত সফরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সরগরম রাজনৈতিক অঙ্গন

পুশ-ইন ইস্যু ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সীমান্ত সফরে আসছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণই তার এই সফরের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় তিনি বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন। এরপর সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় বেনাপোলের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করবেন।

সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে নানা জল্পনা-কল্পনা দেখা গেলেও সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সফরকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত পরিস্থিতি ও পুশ-ইন ইস্যু নিয়ে তার পর্যবেক্ষণ এবং সম্ভাব্য বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এই সফরে কোনো সরকারি প্রটোকল নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বেনাপোল বাজারে ডিমের চাহিদা ও বিক্রি কিছুটা বেড়েছে। তবে এর সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *