দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জানা নায়গান মুক্তির আগেই অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত এবং সেলভাম ও বালাকৃষ্ণান নামের আরও দুই ব্যক্তি। সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলায় তাদের প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং আগেই শেষ হলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া যায়নি। এর মধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ছড়িয়ে পড়ে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। ২০২৬ সালের পোঙ্গল উৎসব উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে এর রাজনৈতিক প্রেক্ষাপট ও বার্তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে— এমন আশঙ্কায় সেন্সর বোর্ড ছবিটির অনুমোদন আটকে দেয় বলে জানা গেছে।
পরে মার্চ মাসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা থাকলেও সেন্সর কমিটির এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় সেটিও বাতিল হয়। এতে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।
সিনেমাটির প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ বলেন, বর্তমানে তারা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন। অনুমোদন মিললেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, ‘জানা নায়গান’কে বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং গৌতম বাসুদেব মেনন।