বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন মূল্য অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মূল্যহার ১ জুন (সোমবার) থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করেছিল। সেই মূল্যহার অনুযায়ী এতদিন জ্বালানি তেল বিক্রি হচ্ছিল।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ, পণ্য পরিবহন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।