বয়সের ভারে নুয়ে পড়া, দৃষ্টিশক্তিহীন ও স্বজনহারা নূরজাহান বেগমের বহুদিনের একটি স্বপ্ন অবশেষে পূরণ হলো। দীর্ঘদিন ধরে বুকের ভেতর লালন করা সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একবার দেখা করা ও কথা বলার। শনিবার (৩০ মে) সেই সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
রাজধানীর শাহজাহানপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই উপস্থিত ছিলেন ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা নূরজাহান বেগম।
চোখে দেখতে না পারলেও প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুভব করে তার সঙ্গে কথা বলার সুযোগ পান এই বৃদ্ধা। কথোপকথনের সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রাণভরে দোয়া করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানান, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ নূরজাহান বেগমের কণ্ঠে ও অনুভূতিতে স্পষ্ট হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতা এবং আন্তরিক দোয়া উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। তবে অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে নূরজাহান বেগমের বহুদিনের স্বপ্নপূরণের ঘটনাটি উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।