ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমা নিয়ে দর্শকদের একাংশের সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
সোমবার (১ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রকস্টার সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করেন শাকিব খান। ছবিতে সিনেমাটিতে তার নতুন লুক দেখা যায়। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়।”
শাকিব খানের এই মন্তব্যকে অনেকেই চলমান সমালোচনার জবাব হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সিনেমাটির প্রশংসা করেছেন, আবার কেউ এখনো সিনেমাটি দেখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন।
গত ২৮ মে ঈদুল আজহার দিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রকস্টার। হল মালিকদের আগ্রহের কারণে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার তুলনায় এটি সবচেয়ে বেশি সংখ্যক হলে প্রদর্শিত হচ্ছে।
তবে সিনেমাটি মুক্তির পর কিছু দর্শক অভিযোগ করেন, এতে শাকিব খানের আগের জনপ্রিয় অ্যাকশনধর্মী চলচ্চিত্রগুলোর মতো তীব্র অ্যাকশন দৃশ্য নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু নেতিবাচক রিভিউ ভিডিওও ছড়িয়ে পড়ে, যা নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চলছে।
রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। নির্মাতাদের দাবি, গল্প, উপস্থাপনা, সংগীত এবং শাকিব খানের চরিত্রায়ণে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, রোজী সিদ্দিকী এবং তারিকা আনাম খান।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাকশনধর্মী ইমেজের বাইরে গিয়ে সংগীতনির্ভর রোমান্টিক গল্পে শাকিব খানের এই নতুন উপস্থাপনাই দর্শকদের মধ্যে আলোচনা ও মতভেদের অন্যতম কারণ হয়ে উঠেছে।