দেশে মোট ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন হয়েছে। ফলে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ।
বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানান।
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
এর আগে ২০২৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সর্বশেষ হালনাগাদে নতুনভাবে যুক্ত হয়েছেন ৬ লাখের বেশি ভোটার।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী এবং নতুন নিবন্ধন সম্পন্নকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীরাই এই তালিকায় স্থান পেয়েছেন।
ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০ এপ্রিল প্রাথমিক খসড়া প্রকাশ করা হয়। পরে ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয় এবং ৬ মে পর্যন্ত তা নিষ্পত্তি করা হয়। এরপর ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।