রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানার পৃথক অভিযানে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। থানাভিত্তিক গ্রেফতারকৃতদের মধ্যে রমনা থানা থেকে ২ জন, ধানমন্ডি থানা থেকে ১০ জন, বংশাল থানা থেকে ১ জন, খিলক্ষেত থানা থেকে ২ জন, কদমতলী থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, মিরপুর থানা থেকে ১ জন এবং তুরাগ থানা থেকে ১ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ
এদিকে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহররমকে কেন্দ্র করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, বাকি সময়েও পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এবং নগরবাসী নিরাপদ থাকবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীগুলো সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।