দীর্ঘ ২২ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কায়া। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী মুজা। তিন প্রজন্মের এই তিন শিল্পী একসঙ্গে নিয়ে আসছেন নতুন গান ‘কই রইলা রে’।
নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, প্রায় ২২ বছর পর কায়ার সঙ্গে আবারও কাজ করতে পেরে তিনি ভীষণ রোমাঞ্চিত। গানটির রেকর্ডিং অনেক আগেই সম্পন্ন হলেও বর্তমান সময়ের সংগীতধারা ও আধুনিক অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এটি তৈরি করা হয়েছে।
তিন শিল্পীর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হাবিব জানান, এটি ভবিষ্যতে দারুণ একটি স্মৃতি হয়ে থাকবে। তিনি বলেন, কায়ার মাধ্যমে সিলেটি গান দিয়েই তার সংগীতজীবনের শুরু হয়েছিল। অন্যদিকে মুজাও ছোটবেলা থেকেই কায়ার জনপ্রিয় অ্যালবাম ‘কৃষ্ণ’ ও ‘মায়া’ শুনে অনুপ্রাণিত হয়েছেন।
গানটির মূল গীতিকার ও সুরকার সিলেটের ফোক শিল্পী সৈয়দ দুলাল। এটি মূলত একটি রিমেক গান হলেও হাবিব ও মুজার অংশে নতুন কিছু কথা সংযোজন করা হয়েছে।
গানটির বিষয়বস্তু সম্পর্কে হাবিব বলেন, এটি একটি আধ্যাত্মিক ঘরানার গান। জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে স্রষ্টার অস্তিত্ব ও মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার বিষয়টি এতে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে বাংলা পপ ও লোকগানের ফিউশনে নতুন ধারা তৈরি করেছিলেন হাবিব ওয়াহিদ ও কায়া। পরবর্তীতে ২০০৪ সালে প্রকাশিত ‘মায়া’ অ্যালবামও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটির প্রত্যাবর্তনে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
জানা গেছে, আগামী বুধবার (২৭ মে) হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।