টানা দুই জয়ে আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
মঙ্গলবার জর্ডানের বিপক্ষে ২-১ গোলের জয় পায় আলজেরিয়া। এই ফলের ফলে গ্রুপের সমীকরণ এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে শেষ ম্যাচে হারলেও আর্জেন্টিনাকে আর শীর্ষস্থান থেকে সরানো সম্ভব নয়।
চলতি বিশ্বকাপে নতুন নিয়ম অনুযায়ী সমান পয়েন্ট হলে গোল ব্যবধানের আগে বিবেচনা করা হচ্ছে হেড-টু-হেড রেকর্ড। সেই হিসাবে আর্জেন্টিনা ইতোমধ্যেই আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়েছে। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, গ্রুপের অন্য কোনো দল তাদের টপকাতে পারবে না।
এর আগে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, জর্ডানের বিপক্ষে জয় পেয়ে নকআউটের আশা জিইয়ে রেখেছে আলজেরিয়া। ম্যাচের ৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় উত্তর আফ্রিকার দেশটি। ৬৯ মিনিটে নাদির বেনবুয়ালি সমতা ফেরান। পরে আমিনে গুইরির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলজেরিয়া।
বর্তমানে অস্ট্রিয়া ও আলজেরিয়ার সমান ৩ পয়েন্ট। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠার লড়াই এখন এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ। আগামী রোববার একই সময়ে মুখোমুখি হবে অস্ট্রিয়া ও আলজেরিয়া। সেই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোতে জায়গা করে নেবে।
অন্যদিকে, একই দিনে সকাল ৮টায় গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যদিও ম্যাচটির ফলাফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।