বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শিথিল করা সময়সীমার মেয়াদ শেষ হওয়ায় আগের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সকল সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিধান আগে থেকেই কার্যকর ছিল। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও পূর্বের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ফলে এখন থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহার কমানোর স্বার্থে বিলবোর্ডের বাতি, বিভিন্ন মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।