কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী Karina Kaiser-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সহকর্মী ও ভক্তরা।
কারিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা Tariq Anam Khan। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি কারিনার সঙ্গে কাজের স্মৃতিচারণ করেন।
পরিচালক Rezaur Rahman পরিচালিত ‘Ekshathe Alada’ সিনেমায় অভিনয় করেছিলেন তারিক আনাম খান। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছিলেন পরিচালক রেজাউর রহমান ও কারিনা কায়সার।
স্মৃতিচারণ করে তারিক আনাম খান লেখেন, “আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল।”
তিনি আরও লেখেন, অত্যন্ত আধুনিক চিন্তার গল্প ছিল ‘একসাথে আলাদা’। কাছাকাছি থেকেও কষ্ট পাওয়ার চেয়ে আলাদা হয়ে বন্ধু হয়ে থাকা যায় কিনা, সেই গল্পই কমেডির আবরণে তুলে ধরা হয়েছিল সিনেমাটিতে।
কারিনার কাজের প্রতি একাগ্রতার কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, কমেডির জন্য পরিস্থিতি, অ্যাকশন লাইন ও সংলাপ কতটা গুরুত্বপূর্ণ—তা কারিনা ভালোভাবেই বুঝতেন। নিজের কাজের প্রতি তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী এবং সারাক্ষণ মনিটরের সামনে তীক্ষ্ণ নজর রাখতেন।
নতুন একটি ধারাবাহিক পারিবারিক কমেডি নিয়ে কারিনার সঙ্গে কাজ করার পরিকল্পনার কথাও জানান তারিক আনাম খান। আক্ষেপ করে তিনি লেখেন, “তার আগেই সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল! হায়রে জীবন!”
সবশেষে তরুণ প্রজন্মের উদ্দেশে সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। “জীবন সুন্দর, জীবন মূল্যবান”—লেখেন এই অভিনেতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের Chennai নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘Internship’ ও ‘36-24-36’।