তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও থালাপতি বিজয়-এর নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) বিধানসভায় আস্থা ভোটে জয় লাভ করেছে। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত আস্থা ভোটে সরকারের পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ২২টি এবং ৫ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন।
ভোটের সময় বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-এর ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করেন। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর ৪৭ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। তবে দলটির ২৫ জন বিধায়ক দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিজয়ের পক্ষে সমর্থন দেন বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।
আস্থা ভোটে জয় পাওয়ার পর বিজয় বলেন, টিভিকে’র প্রতীক ‘বাঁশির শব্দ’ রাজনীতিতে নতুন পরিবর্তনের বার্তা দিয়েছে। তিনি দাবি করেন, তার সরকার সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় কাজ করবে।
চলতি বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট ও মিত্রদের সমর্থনে সরকার গঠন করে। পরে গভর্নরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হন বিজয়।