জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত অর্থের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খলিলুর রহমান, সালাহউদ্দিন আহমদ, ড. আ ন ম এহছানুল হক মিলন-সহ মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনটি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প
অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো:
- মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)
- করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প
- পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়ার তালবাড়িয়া ও কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প (প্রথম সংশোধিত)
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প-এর তৃতীয় সংশোধিত প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
আরও চারটি প্রকল্প সম্পর্কে অবহিত একনেক
সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও চারটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে:
- বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প
- নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প
- বিএএফ শাহীন কলেজ শমসেরনগর-এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প
- প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্প
সরকারের মতে, অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং শিল্পাঞ্চল উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।