মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে আজ রোববার বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন সফরে যাবেন তিনি।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া ও চীন—দুই দেশেই বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
চীন সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এছাড়া বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পরদিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘সামার দাভোস’ খ্যাত নিউ চ্যাম্পিয়নস ফোরামের ১৭তম বার্ষিক সম্মেলনেও অংশ নেবেন।
সরকারি সূত্র জানায়, দুই সফরেই প্রতিনিধি দল সীমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীসহ প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
সফরে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা এবং চীনের সঙ্গে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।