ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তেলআবিব। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিকবার রকেট ছোড়া হয়েছে। হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী।
এদিকে পৃথক এক ঘটনায় ইসরায়েল দাবি করেছে, লেবাননের একটি এলাকায় তাদের বিমান বাহিনী আকাশে থাকা একটি ‘সন্দেহজনক লক্ষ্যবস্তু’ শনাক্ত করে ভূপাতিত করেছে। ওই এলাকায় ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছিল।
অন্যদিকে, লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলায় এক সেনাসদস্য, এক শিশু ও দুই উদ্ধারকর্মীসহ মোট ১৩ জন নিহত হন।
নাবাতিয়া শহরে চালানো এক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মী ছিলেন।
এছাড়া জেবচিত এলাকার কাছে আরেক হামলায় এক সেনাসদস্য ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। অন্যদিকে বিন্ট জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।