ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ একদল ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি।
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।