চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, ১৬ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইন্সে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ১৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক দিয়েছে ১৭ হাজার ৬৫০টি সেবা।
হজযাত্রীদের মধ্যে মৃতদের ১২ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১২ জন এবং মদিনায় ৪ জন।
সবশেষ মারা গেছেন রাজধানীর তেজগাঁও এলাকার এন এম মনিরুল হক (৪৪)। তিনি ১৬ মে ইন্তেকাল করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।