যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং অন্য কোনো দেশের উদ্যোগে হওয়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে তাদের জন্য বাধ্যতামূলক নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন-গভির বলেন, “ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীনস্থ কোনো রাষ্ট্র নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।” তিনি আরও দাবি করেন, যে কোনো চুক্তি যদি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই চুক্তির অংশীদার হবে না তার দেশ।
ইসরায়েলি মন্ত্রী বলেন, হিজবুল্লাহ-কে সম্পূর্ণভাবে নির্মূল করা ছাড়া অন্য কোনো বিষয়ে আপসের সুযোগ নেই। এছাড়া ইসরায়েলি বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো ধ্বংস করেছে, সেখান থেকেও সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি।
বেন-গভিরের ভাষ্য, ইসরায়েল এমন কোনো পরিস্থিতিতে ফিরতে চায় না যেখানে সীমান্তবর্তী এলাকায় আবারও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব বৃদ্ধি পাবে। একই সঙ্গে ইসরায়েলের দিকে হামলা বা গোলাবর্ষণের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের প্রধান জো কেন্ট সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, চুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি সামরিক ও গোয়েন্দা সহায়তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তার দাবি, অতীতেও বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে এবং যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এমন ঝুঁকি থেকে যেতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক পক্ষগুলোর সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইসরায়েলের এই কঠোর অবস্থান সম্ভাব্য শান্তি উদ্যোগের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।