দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে সিনেমা ‘মালিক’। ছবিটির প্রিমিয়ার শোতে অংশ নিতে আগামী ১২ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজন করছে বংগোজ ফিল্মস। এছাড়া মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।
প্রিমিয়ার শোতে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করবেন এই অভিনেতা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে তার।
দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন একক প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে ছবিটির প্রদর্শনী।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত দর্শকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।”
তিনি জানান, সিডনির প্রিমিয়ার শোগুলোতে দর্শকদের সাড়া ইতিবাচক হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এসে ‘মালিক’ দেখার আহ্বান জানান তিনি।
দেশে সাফল্যের পর এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে ‘মালিক’। আর সেই যাত্রার অন্যতম আকর্ষণ হয়ে থাকছেন ছবিটির প্রধান অভিনেতা আরিফিন শুভ।