রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের সঙ্গে জড়িত একটি বড় নেটওয়ার্কের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন এম.এ (MA. Jie), ঝাং জিয়াহাও (Zhang Jiahao), লিও জিঞ্জি (Liu Jinjie), ওয়াং শিবো (Wang Shibo), চাং তিয়ানতিয়ান (Chang Tiantian), জেমস ঝু (James Zhu) এবং তাদের বাংলাদেশি সহযোগী মো. কাউসার হোসেন, মো. আব্দুল-কারিম ও রোকন উদ্দিন।
ডিবি সূত্রে জানা যায়, সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার প্রচারণা ও ডিপোজিট বোনাসের প্রলোভন শনাক্ত করা হয়। এসব প্ল্যাটফর্মে বিকাশ ও নগদের মাধ্যমে অবৈধ লেনদেন চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় গোয়েন্দারা।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রথমে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর থেকে তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরে তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন চীনা নাগরিককে আটক করা হয়।
অভিযানে ৩টি ৬৪-পোর্ট ও ১টি ২৫৬-পোর্টবিশিষ্ট GSM/GPRS SIM Module (VoIP GSM Gateway) ডিভাইসসহ মোট ৫টি গেটওয়ে মেশিন উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ২৮০টি সিম কার্ড, ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট, এনআইডি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে, তারা একাধিক এমএফএস সিম ব্যবহার করে গেটওয়ে ডিভাইসের মাধ্যমে শতাধিক সিম একসাথে পরিচালনা করত। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়া ও প্রতারণামূলক লেনদেন চালানো হতো।
তদন্তে আরও জানা যায়, চক্রটি নিজস্ব জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে, বিশেষ করে চীনে পাচার করত।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।