যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, চলতি বছরের গ্রীষ্মের শেষ দিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে যেতে পারে।
শুক্রবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরন শহরে মার্কিন সংবাদমাধ্যম CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ক্রিস রাইট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও উভয় পক্ষের মধ্যে শিগগিরই একটি সমঝোতা চুক্তি হতে পারে বলে আশা করছে ওয়াশিংটন। তার ভাষায়, গ্রীষ্মের শেষ নাগাদ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর প্রণালিটি দিয়ে বিদেশি জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।
সম্প্রতি ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজকে টোল দিতে হবে। তবে বিশ্বের অধিকাংশ দেশ এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
সাক্ষাৎকারে ক্রিস রাইট আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালি অবরুদ্ধ রেখে বিশ্ব অর্থনীতিকে চাপের মুখে ফেলতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র বলপ্রয়োগের পথেও যেতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, এ সংকট সমাধানে কূটনীতিই সবচেয়ে কার্যকর উপায়।