রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং গণমাধ্যমকর্মীদের সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালের কিছু কর্মচারী সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ধাওয়া করেন। এতে টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদসহ কয়েকজন সাংবাদিক আহত হন। এছাড়া দীপ্ত টেলিভিশনের এক ক্যামেরাপারসন আহত হয়েছেন এবং বৈশাখী টেলিভিশনের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।