প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং লাকসাম-মনোহরগঞ্জ এলাকার মানুষও এ সুবিধার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ বিশ্বাস নিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে এবং দল সেই বিশ্বাসের মূল্যায়ন করবে। বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে পথসভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।