সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়া সোনারগাঁয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ জুন) বিকেলে সোনারগাঁয়ে নোয়াগাঁওয়ে চরনোয়াগাঁও জামে মসজিদের সামনে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবকের পরিবারসহ কয়েকশ’ নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
গত ১৯ জুন সোনারগাঁ উপজেলার সীমানা ঘেষা আড়াইহাজারে ধন্ধি এলাকায় ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগরের এসিল্যান্ডসহ ৬ জন আহত হয়। এ ঘটনায় সন্দেহে সোনারগাঁওয়ে চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবক রকিব ও সজিব নামে দুই যুবককে গ্রেফতার করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চর নোয়াগাঁও এলাকার মোঃ মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ, আমির হোসেন প্রমুখ। পরে এলাকাবাসীরা দুই যুবকের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চরনোয়াগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ধন্ধিবাজারে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে সজিবের খালা বিলকিস আক্তার বলেন, আমার ভাগিনা বিনাদোষে দোষী হয়েছে। সে বৃহস্পতিবার সিলেট গিয়েছে, শনিবার বাড়িতে আসে। মঙ্গলবার ভাগিনাকে পুলিশ ধরে নিয়ে যায়। সে এ ব্যাপারে কিছুই জানে না, নিরাপরাধী। ভাগিনার মুক্তি চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাকাত সন্দেহে গ্রেফতারকৃত রাকিব ও সজিব এলাকার নিরীহ ছেলে। সজিব ঘটনায় পরদির সিলেট থেকে আসে আর রাকিব চারদিন পর তাবলীগের চিল্লা থেকে এসেছে। তাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের দু’জনের অবিলম্বে মুক্তি দাবি জানাই।