সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় জেলেদের সহায়তায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
এ ঘটনায় প্রাণে বেঁচে যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩)। তারা তিনজনই কাজীপুর উপজেলার জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
পুলিশ জানায়, গোসলের জন্য নদীতে নামার পর প্রবল স্রোতে দুই শিক্ষার্থী তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী কোনোমতে তীরে উঠতে সক্ষম হয়। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে দুপুর ১২টার দিকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।