জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পক্ষে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা করেছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। এ সময় তিনি বলেন, “চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর চানাচুর খায়।”
বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন শুরু হয়।
বাজেটের সমালোচনায় বিরোধী দলগুলোর ‘চানাচুর মার্কা বাজেট’ মন্তব্যের জবাবে আক্তারুজ্জামান বলেন, “এই বাজেটকে সারাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। কিন্তু আমাদের বিরোধী দলের বন্ধুরা এটিকে চানাচুর মার্কা বাজেট বলছেন। আমরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়। অন্য কিছু খাওয়ার পর চানাচুর খায়। এ কারণে তাদের মন খারাপ কি না, আমি জানি না।”
বক্তব্যের শুরুতে তিনি উর্দু কবি মির্জা গালিবের একটি উক্তি উদ্ধৃত করে বলেন, “তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না। বরং তাদের এমন একটি হৃদয় দিন, যেন তারা আমাদের কথা বুঝতে পারে।”
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে মূলত দুটি পণ্যের দাম বেড়েছে—সিগারেট ও মদ। এছাড়া শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং দেশের উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে আক্তারুজ্জামান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।