বরিশাল নগরীতে নির্মাণাধীন ড্রেনের পাশের একটি দেওয়াল ধসে পড়ে জোবায়ের (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নগরীর পুলিশ লাইন্স এলাকার ওয়াইডব্লিউসি গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকদের ভাষ্য, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা ড্রেন নির্মাণকাজ করছিলেন। হঠাৎ পাশের একটি দেওয়াল ধসে পড়তে শুরু করলে সেখানে থাকা তিন শ্রমিকের মধ্যে দুজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যান। এ সময় দেওয়ালের একটি অংশ তার পিঠের ওপর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াই ড্রেন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছিল। দেওয়ালের ঝুঁকি মূল্যায়ন ও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে তারা মনে করছেন।
ঘটনার বিষয়ে ঠিকাদার অভি জানান, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। তবে দেওয়াল ধসে পড়ার আশঙ্কা ছিল বলে তার মনে হয়নি। কী কারণে হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ল, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।