রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে স্ত্রী আফরা ইভনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
তিনি জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তার করা রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আদালতে যাহের আলভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, যাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক ও উসকানিমূলক মন্তব্য করতেন। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন ধরনের মন্তব্য পোস্ট করার অভিযোগও তদন্তে উঠে এসেছে।
তদন্ত কর্মকর্তার দাবি, মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য যাহের আলভীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিকে, একই মামলায় গত ৪ জুন যাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন প্রদান করা হয়।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।