নিজস্ব প্রতিবেদক: দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে ( ১৯ জুন – ২৫ জুন) দেশব্যাপী পরিচালিত নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা, কাঁকড়া ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিনের অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ির রেণু, ৩০০ কেজি কাঁকড়া এবং ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এছাড়া নদী থেকে ১০৫টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়েছে।অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়।
নৌ পুলিশ জানায়, সাত দিনব্যাপী এসব অভিযানে ১৮৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০৪টি মৎস্য আইন, ১৭টি বেপরোয়া গতি, ৩টি বালুমহাল, ৩টি মাদক, ৩টি চাঁদাবাজি, ২টি ডাকাতি, ১টি চুরি এবং ৪টি হত্যা মামলাসহ মোট ১৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছের রেণুপোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং জব্দকৃত অন্যান্য মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।