চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এ অধিবেশন শুরু হয়।
বিশ্ব অর্থনীতি, প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।
অধিবেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সেশনে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।
অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অন্যতম লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন অংশীদারিত্ব গড়ে তোলা। সফরকালে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, প্রযুক্তিবিদ ও অর্থনীতিবিদরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।