শ্রম আদালতে দায়ের করা মজুরি সংক্রান্ত মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) সকালে শ্রম আদালত-১ তাদের জামিন আবেদন শুনানি শেষে মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের এক সাবেক কর্মী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ মোট ৯ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে গত বছরের মে মাসে আদালত বাদীর পাওনা প্রায় ২৩ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩ মে আদালত মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। একই দিনে মামলার আরও তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেন।
পরে আদালতে জামিন আবেদন করা হলে শুনানি শেষে চারজনেরই জামিন মঞ্জুর করা হয়।
মামলাটি বর্তমানে শ্রম আদালতের বিচারাধীন রয়েছে।