চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে তারা দালিয়ানের শাংগ্রিলা হোটেল থেকে রেলস্টেশনে পৌঁছান।
সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-সহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিসহ প্রায় ১ হাজার ৭০০ জন অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, গত সোমবার দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সরকারি বিদেশ সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি মালয়েশিয়া সফর সম্পন্ন করে চীনে যান।