বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা এবং গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) ঢাকার মহানগর আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুন মিরপুর মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এ আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর আগারগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
মামলার বাদী মো. মুক্তার দাবি করেন, ওই ঘটনায় পুলিশের ছোড়া রাবার বুলেট এবং হামলাকারীদের মারধরে তিনি গুরুতর আহত হন। তার অভিযোগ, তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের নির্দেশ ও নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়। একই সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশও হামলায় অংশ নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা আবেদনে আরও বলেন, আসামিকে গ্রেফতার দেখানো হলে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে পুলিশি রিমান্ডের আবেদনও করা হতে পারে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।