সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় সাংবাদিক সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসলামের বড় ছেলে ইব্রাহিম খলিল এ অভিযোগ করেন| এর আগে গত মঙ্গলবার (২৩ জুন) রাতে তার বাড়িতে এ হামলা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে| সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুন্সিগঞ্জের আলোচিত যুবদল নেতা শান্ত হত্যা ও গাজীপুরের ˆবষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ ১০-১২টি মামলার আসামী শাহাদাত প্রধান| গত ২০২৪ সালের ৫ই আগস্টের পর সন্ত্রাসী শাহাদাত প্রধান তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় শাহাদাত প্রধানের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তার বাবা মোতালেব প্রধান ও শাহ সুলতান গাজীসহ ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী দল তাদের বসত বাড়িতে হানা দেয় । এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে । এছাড়া অব্যহত ভাবে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে শাহাদাত বাহিনী তাদের বাড়িতে আবারও হামলা চালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়| এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ভুক্তভোগী ইব্রাহিম খলিল আরো জানান, সন্ত্রাসী সাহাদাত প্রধান উল্টো আমাদের বিরুদ্ধে থানার অভিযোগ দিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে হয়রানির চেষ্টা করছে। অথচ শাহাদাত প্রধান একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরও পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
তবে অভিযুক্ত শাহাদাত প্রধান তার বিরুদ্ধে আনিত অভিযোগের সততা অস্বীকার করে বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। শান্ত হত্যার মামলায় তাকে আসামী করা হয়েছিল সত্য । তবে মামলাটি খারিজ হয়েছে। তাছাড়া ইব্রাহিম খলিল আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। তাকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রহত্যা মামলায় তাকে আসামী করার বিষয়টি সত্য নয় বলে তিনি দাবী করেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই| খোজ নিয়ে দেখা হবে|