ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে মাসুদ রানাকে সরিয়ে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট দেন। একটি ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আরেকটি পোস্টে জাওয়াদ নির্ঝর দাবি করেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে প্রভাব বিস্তার এবং প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন ও তার জন্য নোবেল পুরস্কার কামনার কারণে আলোচিত এই কর্মকর্তা বর্তমানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া পোস্টে অভিযোগ করা হয়, ডিএমপির গুরুত্বপূর্ণ এই পদে থেকে পুলিশের সংবেদনশীল তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও অভিযোগ রয়েছে, ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ছিলেন এবং সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ডিএমপি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।