ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগের ফুলবাড়িয়া ট্রাফিক জোনের উদ্যোগে ড্রাইভার ও হেল্পারদের জন্য বিনামূল্যে পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এতে ফুলবাড়িয়া ট্রাফিক জোনের আওতাধীন বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের চালক ও হেল্পারদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃআনিছুর রহমানের নির্দেশনা এবং ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃমফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমা, ফুলবাড়িয়া ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান (ব্রাভো-২৬৩), পুলিশ পরিদর্শক শামসুল ইসলাম (সিটি-১২৭)সহ জোনের অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
হেলথ ক্যাম্পে মোট ৫১ জন ড্রাইভার ও হেল্পারকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সড়ক পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের সুস্থতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পাক্ষিক হেলথ ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।