ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩০ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ।
দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।
উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। তবে সরকারি উদ্ধারকারী দলের স্বল্পতায় অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন। উদ্ধারকাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমাও দ্রুত শেষ হয়ে আসছে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো।
উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লা গুয়াইরা এলাকায় প্রবেশে সরকারি অনুমতি বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। যানজটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানি বিতরণ অব্যাহত রয়েছে। জীবিতদের উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত পাওয়া সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম।