বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় করমুক্ত বার্ষিক আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মাসে ৫০ হাজার টাকার কম আয় করে জীবনযাপন করা কঠিন। তাই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সক্ষম করদাতাদের আওতায় এনে কর আহরণে জোর দেওয়ারও আহ্বান জানান তিনি।
নুরুল হক বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে কর ব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে হবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশনের প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ায় তিনি সরকারের প্রশংসা করেন।
উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে।
প্রবাসী কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মানসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে একটি পৃথক ফাউন্ডেশন বা কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব দেন প্রতিমন্ত্রী।