দেশের শিক্ষাব্যবস্থা থেকে ডিগ্রি ব্যবসার অবসান ঘটানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু সনদধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থানের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতেই শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে।
রোববার রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতের সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা, মূল্যবোধ এবং বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার।
বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এখন লক্ষ্য শুধু পরীক্ষায় উত্তীর্ণ করা নয়, বরং আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রকৃত দক্ষতা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থান পাচ্ছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে প্রয়োজনীয় শিক্ষা সংস্কার বাস্তবায়নে কাজ করছে সরকার।
ববি হাজ্জাজ বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই সময়োপযোগী, ক্যারিয়ারভিত্তিক এবং দক্ষতাকেন্দ্রিক শিক্ষাক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার বিকল্প নেই। তাই শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।