রাজধানীর তিনটি বড় সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে একযোগে অভিযান চালিয়েছে র্যাব-২। অভিযানে ১১ জন দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল)-এ এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেতেন। সেখানে চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো।
অভিযান শেষে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আটক ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান বলেন, এই চক্রটি বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল রোগীদের সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত করে বিভিন্ন ভুঁইফোড় ক্লিনিকে পাঠিয়ে দিত। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসার ঝুঁকিতেও পড়ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, যেসব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দালালচক্রের মাধ্যমে রোগী সংগ্রহ করে অনৈতিক ব্যবসা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।