বাংলা গানের জনপ্রিয় ‘অঞ্জনা’ সিরিজের স্রষ্টা, গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন বলে জানিয়েছেন এই গীতিকার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অসুস্থতার খবর জানিয়ে মিল্টন খন্দকার বলেন, চিকিৎসক ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হবে। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।
চার দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় মিল্টন খন্দকার মূলত গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত। তার লেখা ও সুর করা অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘অঞ্জনা’, ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাব’, ‘তোমরা কাউকে বোলো না’ এবং ‘আমি যে তোমার কে’।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।