বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও এখনো ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি পর্তুগাল। গ্রুপপর্বে গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে ড্র, উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় এবং শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনায় মুখর হয়েছে পর্তুগিজ গণমাধ্যম।
বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছে দেশটির জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘আ বোলা’। গণমাধ্যমটি ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়নে রোনালদোকে ১০-এর মধ্যে মাত্র ৪ রেটিং দিয়েছে, যা ম্যাচে পর্তুগালের সর্বনিম্ন।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচজুড়ে রোনালদোর নেওয়া শটগুলো তেমন বিপজ্জনক ছিল না। এছাড়া কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসের মুখোমুখি হয়ে পাওয়া গুরুত্বপূর্ণ সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি। যদিও পরে সেই আক্রমণটি অফসাইড হিসেবে বাতিল হয়। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও ম্যাচে প্রত্যাশিত প্রভাব রাখতে ব্যর্থ হন এই পর্তুগিজ তারকা।
চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় ম্যাচ, যেখানে রোনালদোর পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এর আগে গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষেও তিনি আলো ছড়াতে পারেননি। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি।
অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের সবচেয়ে উজ্জ্বল পারফরমার হিসেবে গোলরক্ষক দিয়োগো কস্তাকে বেছে নিয়েছে ‘আ বোলা’। তাকে ১০-এর মধ্যে ৮ রেটিং দেওয়া হয়েছে। একাধিক দুর্দান্ত সেভ করে তিনি দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে হুয়ান কুইন্তেরোর ক্রস থেকে লুইস সুয়ারেজের নিশ্চিত গোলের সুযোগ পা দিয়ে ঠেকিয়ে দেওয়ার মুহূর্তটি ছিল ম্যাচের অন্যতম সেরা রক্ষণাত্মক দৃশ্য।
ম্যাচটিতে কলম্বিয়াই আক্রমণে বেশি প্রভাব বিস্তার করে এবং একাধিক গোলের সুযোগ তৈরি করে। অতিরিক্ত সময়ে ডেভিনসন সানচেজের করা একটি গোল মিলিমিটার ব্যবধানে অফসাইড হওয়ায় বাতিল হয়, যা পর্তুগালকে স্বস্তি এনে দেয়।
গ্রুপপর্বে তিন ম্যাচ শেষে দুই ড্র ও এক জয়ে নকআউট নিশ্চিত করলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে রয়েছে পর্তুগাল। শেষ ৩২-এর লড়াইয়ে রোনালদোর দল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।