ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, যদি সত্যিই দেশে ফেরার সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।
তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
মো. আমিনুল ইসলাম বলেন, এসব মামলার আসামির তালিকায় সাবেক মন্ত্রী শাজাহান খান, আমির হোসেন আমু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় যাচাই শেষে ট্রাইব্যুনালে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি বর্তমানে পলাতক রয়েছেন।