সামাজিক মাধ্যমে দুই সন্তানকে ঘিরে চলা নানা আলোচনা-সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেছেন, একজন বাবার সঙ্গে সন্তানের স্বাভাবিক সম্পর্ক নিয়েও অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলী বলেন, শাকিব খানের সঙ্গে তার ছেলে শেহজাদ খান বীর এবং অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের সম্পর্ক স্বাভাবিক একটি পারিবারিক বিষয়। কিন্তু সামাজিক মাধ্যমে সেটিকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।
তার ভাষায়, সন্তান যদি বাবার সঙ্গে সময় কাটায়, ছবি তোলে বা বিশেষ মুহূর্ত ভাগাভাগি করে, সেটিকে নিয়ে হাসাহাসি বা নেতিবাচক মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শুধু বাবা-মা নয়, সন্তানদের মানসিক অবস্থার ওপরও বিরূপ প্রভাব পড়ে।
বুবলী বলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পারিবারিক বিষয়কে অযথা বিতর্কিত করে তুলছেন। এ ধরনের আচরণকে তিনি ‘নোংরা মানসিকতা’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শেহজাদ খান বীর ও আব্রাম খান জয়—দুজনই শাকিব খানের সন্তান। তাই একজন বাবার দুই সন্তানকে ঘিরে নেতিবাচক মন্তব্য করা কারও জন্যই সুখকর নয়। এ ধরনের বিষয়ে সবার সংবেদনশীল হওয়া উচিত।
সবশেষে বুবলী আহ্বান জানান, পারিবারিক সম্পর্ক ও সুন্দর মুহূর্তগুলোকে সম্মানের চোখে দেখার এবং সন্তানদের ঘিরে অযথা বিতর্ক বন্ধ করার।